
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুইজন বিকাশ কর্মীকে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই বিকাশ কর্মী হলেন আসাদুজ্জামান ও ইকবাল হোসেন। তারা চান্দনা চৌরাস্তার জমাদ্দার এন্টারপ্রাইজে রবির বিকাশকর্মী হিসেবে কাজ করতেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, দুপুরে বিকাশের ডিলার সুমন দুই কর্মী ইকবাল ও আসাদুজ্জামানকে সঙ্গে নিয়ে সংগৃহীত টাকা স্থানীয় উনিশ টাওয়ারে অবস্থিত ইউসিবি ব্যাংকের শাখায় জমা দিতে যান।
--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
--------------------------------------------------------
তারা ব্যাংকের কাছে পৌঁছলে চারজনের ছিনতাইকারীর দল মোটরসাইকেল করে এসে তাদের গতিরোধ করে। এসময় সুমন টাকা দিতে অস্বীকৃতি জানালে, ছিনতাইকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এরই একপর্যায়ে ছিনতাইকারীদের গুলিতে ইকবাল ও আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের পাকড়াও করতে চাইলে তারা টাকার ব্যাগ নিয়ে দ্রুত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের দিকে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



