
কিছুদিন আগেই আফগানিস্তানের সিনিয়র দল ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। যেখানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এদিকে আজ আফগান অনূর্ধ্ব-১৭ দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
তৃতীয় একদিনের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৭ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পারভেজ হোসেন ইমনের দল। গ্রেটার নদিয়াতে তিন দিনের ম্যাচের সিরিজে দুটিতেই হয়েছিল ড্র। তবে বাউন্স পয়েন্ট নিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
মঙ্গলবার ভারতের গ্রেট নদিয়া স্পোর্টস কমপ্লেক্স মাঠে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে ৪৪.৪ ওভারে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র দুজন! সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ও অধিনায়ক ইজাজ। মোহাম্মদ ইসহাকের ব্যাট থেকে আসে ২৪ রান।
--------------------------------------------------------
আরও পড়ুন: পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের ড্র
--------------------------------------------------------
১০ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান অনি। মোহাম্মদ তাহসিন ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে উইকেট নেন ২০ রান দিয়ে। রিশাদ হোসেন ও শাহদাত হোসেনের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
জবাবে প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত ফিফটিতে ২৯.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৭৯ বলে ৭ চারে ৫৪ রানে অপরাজিত ছিলেন নাবিল। অধিনায়ক ইমন ৩২ ও প্রীতম কুমার করেন ১৮ রান।
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। ‘ম্যান অব দ্য সিরিজ’ও হয়েছেন আরেক বাংলাদেশি- মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রথম একদিনের ম্যাচটি জিতেছিল আফগানিস্তান। পরের দুই ম্যাচ টানা জিতে সিরিজও জিতল বাংলাদেশ। দুই দল এর আগে দুটি তিন দিনের ম্যাচ খেলেছিল। দুটি ম্যাচই ড্র হয়।
আরও পড়ুন:
এএ




