
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চলছে জমজমাট প্রচারণা। বাঁশখালীতে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই হবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত সমর্থিত সাবেক এক উপজেলা চেয়ারম্যানের মধ্যে।
বাঁশখালীর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনটি। এ আসনটির তিন লাখ তিন হাজার একশ’ ২৩ জন ভোটারের কাছে গিয়ে দিনরাত প্রচার প্রচারণা চালাচ্ছেন নয়জন প্রার্থী।
আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান, বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
এছাড়াও এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এইচ এম ফরিদ আহমদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী, ন্যাপের আশীষ কুমার শীল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ মনিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী বজল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটারদের মন জয় করতে পোস্টার, ব্যানার মাইকিংসহ জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনের মাত্র কয়েকদিন থাকায় দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাসহ বাঁশখালীর উন্নয়নে অনেক কাজ করেছি। এছাড়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন। এ আসনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে।
বিএনপির প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, এর আগেও কয়েকবার আমি বাঁশখালীর এমপি ছিলাম। আশা করছি এবারও জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালীবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম। যেখানে যাচ্ছি ভোটারদের সাড়া পাচ্ছি। আশা করছি জয়লাভ করব।
ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এলাকা গড়ে তুলবে এমন প্রার্থীকে জনপ্রতিনিধি করবে তারা।
বাশঁখালীর বাসিন্দা আরিফুল রহমান সুজন বলেন, বর্তমান এমপি মোস্তাফিজুর রহমানের আমলে বাঁশখালীতে প্রচুর উন্নয়ন হয়েছে। এখানে বেড়িবাঁধ তৈরি হয়েছে। রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। এলাকায় শান্তি ছিল। তাই এবারও নৌকার প্রার্থীই বিজয়ী হবেন বলে আশা করা যাচ্ছে।
কাদের নামে আরেকজন বলেন, আমরা সুষ্ঠু ভোট চাই। যে প্রার্থী বাঁশখালীর উন্নয়ন করবে এমন প্রার্থীকে আমরা ভোট দেব।
আরও পড়ুন :
জেবি/এসএস




