
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি অ্যাডভোকেট মারুফ আহম্মেদ বিজনসহ বিএনপি-জামায়াতের ১৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর, গাংনী থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা সবাই নাশকতা মামলার আসামি বলে জানায় পুলিশ।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় শহরের পৃথক তিনটি স্থান থেকে বিএনপির সক্রিয় দুই কর্মীসহ বিজনকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরও জানান, গেল সপ্তাহে সদর উপজেলার আলমপুর গ্রামে নাশকতার বৈঠক থেকে পাঁচজনকে আটক করা হয়। ওই ঘটনায় গোয়েন্দা পুলিশের এক সদস্য বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। ওই মামলার পলাতক আসামি হিসেবে বিজনসহ তিনজনকে আটক করা হয়েছে।
অপরদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার বলেন, গেল ২৭ অক্টোবর রাতে উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ থেকে নাশকতার অভিযোগে ২১ জনকে আটক ও ককটেল বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনার অজ্ঞাত আসামি হিসেবে বিএনপি-জামায়াতের সাতজনকে আটক করে আদালতে সোপর্দ করা হচ্ছে। একইভাবে সদর থানা পুলিশও একটি নাশকতার মামলায় বিএনপির তিনজনকে আটক করেছে।
আরও পড়ুন :
জেবি



