
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে নাশকতার প্রস্তুতিকালে মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন আনসার বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার রেলস্টেশনে আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পালের নেতৃত্বে টহলরত সদস্যরা তাকে আটক করেন।
মোজাম্মেল হোসেন হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে।
এ বিষয়ে কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, মোজাম্মেল নামের মধ্যবয়সী লোকটির পকেটে রেললাইনের বেশকিছু পাথর, লাইট এবং গ্যাসলাইট পাওয়া গেছে।২৬টি স্থানে রেললাইলের ওপরে বড় আকারের পাথর রেখে পালিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি বলেন, হাজীগঞ্জ ব্রিজের কাছে রেললাইনের ওপর একটি গাছ পড়ে থাকতে দেখা যায়। পরে তা অপসারণ করা হয়েছে। তবে এটা কে ফেলেছে তা এখনও জানা যায়নি। আমাদের পক্ষ থেকে কঠোর নজরদারি রয়েছে। রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




