
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের নকল আইডি কার্ড ও পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি দেশীয় পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড, ২টি কাটার ব্লেড ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বাদশা ফাহাদ (২৩) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের-শ্রীধরপুর গ্রামের হাজী মার্কেট এলাকার বুসের বাড়ির আবু নওশাদের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিল পুলিশ। ওই সময় সুলতানপুর রমনীর হাট বাজারের দক্ষিণ পাশে মেসার্স ভেন্ডার স্টোরের সামনে আমিন বাজার টু রাজগঞ্জগামী সড়কে ফাহাদকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে সে মোটরসাইকেল থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড, ২টি কাটার ব্লেড ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।




