
বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রাজকোটে শুরু হতে যাওয়া ম্যাচটিতে অভিষেক হচ্ছে চলেছে পৃথ্বী শ’র।
স্কোয়াডে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনার হিসেবে ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যানকেই রাখা হয়েছে। অন্যদিকে রিজার্ভ বেঞ্চেই বসতে হচ্ছে মায়াঙ্ক আগারওয়ালকে। টেস্ট অভিষেক হচ্ছে না হায়দ্রাবাদের পেসার মোহম্মদ সিরাজের। অন্যদিকে হনুমা বিহারীও বাদ পড়েছেন প্রথম ম্যাচ থেকে।
বিরাট কোহলির পর দেশটির ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে এই তরুণ পৃথ্বীকেই দেখা হয়।
১২ সদস্যের দল থেকে কাল টেস্ট শুরুর আগে প্রথম একাদশ বাছাই করা হবে। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, শার্দুল ঠাকুর বাদ পড়তে পারেন। দুই পেসার হিসেবে খেলবেন মোহম্মদ শামি ও উমেশ যাদব। দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব। আর রবীন্দ্র জাদেজা খেলবেন স্পিনার অলরাউন্ডার হিসেবে।
ইংল্যান্ড সফরের শেষ টেস্টে ওভালে দুরন্ত সেঞ্চুরি করা ঋষভ পন্থ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে থাকবেন। রাহুল-পৃথ্বী ছাড়াও দলে ব্যাটিং লাইন আপে রয়েছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে।
পৃথ্বীর হাত ধরেই চলতি বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর ঘরোয়া ক্রিকেট, ভারত ‘এ’ দলের হয়ে দারুণ খেলে ইংল্যান্ডে টেস্ট সিরিজে শেষ দুটি ম্যাচে ডাক পেয়েছিলেন পৃথ্বী। মুরলী বিজয়ের ব্যর্থতার জন্য দলে ডাক পেলেও ইংল্যান্ডে অবশ্য খেলার সুযোগ পাননি এই ওপেনার। তবে এবার সুযোগ পেলেন। স্বপ্ন পূরণ হতে চলেছে পৃথ্বীর।
রাজকোট টেস্ট ভারতের ১২ সদস্যের দল
লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মোহম্মদ শামি, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।
আরও পড়ুন :
ওয়াই/জেএইচ




