
সাত দফা দাবি না মেনে তফসিল ঘোষণা হলে দেশে প্রতিবাদের ঝড় উঠবে। সে ঝড়ে ইনশাল্লাহ আমরা আবার একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার ব্যবস্থা করতে সক্ষম হবো। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক সভায় তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, জাতীয় ঐক্য ছাড়া একটি স্বৈরাচারী সরকারকে অপসারণ করা সম্ভব না। এ ঐক্যের মাধ্যমেই বর্তমান সরকারের ষড়যন্ত্র নস্যাৎ হবে। জাতীয় ঐক্যের পক্ষে সকলকে কাজ করতে হবে এবং এ ঐক্যকে আরও সুসংগঠিত করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রমনা দেশপ্রেমিক রাজনৈতিক দল, পেশাজীবী শ্রেণী ও বুদ্ধিজীবী-শ্রমজীবী যেসব সংগঠন আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
মওদুদ বলেন, তৃণমূলে নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলের সমস্ত নেতাকর্মী যারা নির্বাচন করেন তাদেরকে মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা। শুধু তৃণমূল নয়, শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধেও গায়েবি মামলা দেয়া হয়েছে। আমিসহ আমাদের মহাসচিব এবং স্থায়ী কমিটির নেতারাও রয়েছেন। এটা পরিকল্পিভাবে সরকার করছে। তারা বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। সে জন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের নতুন পরিকল্পনা নিয়েছে।
সরকার ভুল করছে মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন করতেই ষড়যন্ত্র করছে। তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ ২০১৪ সালের মতো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেবে না।
জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
এমসি/পি




