
‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পেয়েছে আজ ৬ এপ্রিল। প্রথমবারের মতো জুটি হয়েছেন নতুন মুখ ইয়াশ রোহান ও পরীমণি। শুক্রবার সারাদেশের ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘স্বপ্নজাল’।
প্রথম ছবি ‘মনপুরা’ নির্মাণের ৯ বছর পর গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কোনো ছবি মুক্তি পেলো। প্রথম ছবির মাধ্যমে সাড়া ফেলা এই নির্মাতা ‘স্বপ্নজাল’ নিয়েও বেশ আশাবাদী।
সেলিম বলেন, ‘ছবিতে সুন্দর একটি গল্প খুঁজে পাবেন দর্শকরা। আমি দর্শকের পছন্দটা বুঝি। আমার বিশ্বাস দর্শকরা ছবিটি গ্রহণ করবেন’।
--------------------------------------------------------
আরও পড়ুন : আজ রাতও জেলে কাটবে সালমানের, শনিবার শুনানি
--------------------------------------------------------
কম সংখ্যক সিনেমা হলে ছবি মুক্তি দেয়া নিয়ে নির্মাতা সেলিম আরটিভি অনলাইনকে বলেন, ‘আমরা চেয়েছি অরগানিকভাবে ছবিটি মানুষের কাছে পৌঁছাক। আমার একটাই চাওয়া দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবেন। ভালো লাগলে পরিচিতদের দেখতে বলবেন। আর যদি ভালো না লাগে তাহলে বলবেন, ছবিটি ভালো নয় দেখার দরকার নেই।’
গিয়াসউদ্দিন সেলিম আরও বলেন, ‘যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। কলকাতায় দুই সপ্তাহের মধ্যে ছবিটি মুক্তি পাবে। দেশে যদি ছবিটি ভালো চলে। সেই হাওয়া কলকাতাতেও লাগবে আশা করি।’
‘স্বপ্নজাল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস এবং ভারতের বেঙ্গল বারতা। রোহান-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী, হাসনাত রিপন, আহসানুল হক মিনুসহ অনেকে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর ভারতের কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়। শিগগিরই উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’।
আরও পড়ুন :
এম/পিআর




