ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

আট জেলায় সড়কে ঝরলো ৩৩ প্রাণ

আরটিভি অনলাইন

প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১০:২৯ এএম

ঢাকাসহ দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে গাইবান্ধায় ১৬, রংপুরে ৬, গোপালগঞ্জে ২, সিরাজগঞ্জে ২, নাটোরে ২, ফরিদপুরে ২ এবং সাভারে ১ এবং লক্ষ্মীপুরে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর -
গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৩ জন। শনিবার ভোর সোয়া চারটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪২২) ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে পলাশবাড়ী থানার পুলিশ, হাইওয়ে থানার পুলিশ, গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পর ১৬ জন মারা যায়। আহত হয়েছে প্রায় ৩৩ জন।

গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, অতিরিক্ত দ্রুতগতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনায় পড়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, দুর্ঘটনার কারণে নিহতদের শনাক্ত করার পর প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য সকল ধরণের সহযোগিতা করা হচ্ছে। আহতদের এ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
রংপুর
রংপুর সদর উপজেলার পাগলাপীরে বালুবাহী ট্রাকচাপায় ৬ বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার রাত ২টার দিকে পাগলাপীরের সলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ হেল বাকী জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির ডাবলডেকার ঈদ স্পেশাল বাসটির পেছনের চাকা ফেটে গেলে সেটি মেরামতের জন্য সলেয়াশাহ বাজার এলাকায় বাসটি অবস্থান নেয়। এসময় প্রচণ্ড গরমের কারণে যাত্রীরা বাস থেকে নেমে বাসের পেছনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সিগন্যাল লাইট না জ্বালিয়ে বাসের চাকা মেরামতের সময় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসটির পেছনে ধাক্কা দেয়।
গোপালগঞ্জ
গোপালগ‌ঞ্জ সদর উপজেলার ঘোনাড়ায় বাস নিয়ন্ত্রণ হারি‌য়ে একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শ‌নিবার সকাল সাড়ে সাতটার দি‌কে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. ম‌নিরুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া থে‌কে ছে‌ড়ে আসা গোপালগঞ্জগামী এক‌টি লোকাল বাস ঘোনাপাড়া মো‌ড়ে নিয়ন্ত্রণ হারি‌য়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত ১০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ বাসযাত্রী। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভুইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, বগুড়া থেকে ঢাকাগামী আরকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুইয়াগাঁতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
নাটোর
নাটোর শহরের আলাইপুরে বালুভর্তি ট্রাকচাপায় নারীসহ দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মঙ্গল দেবনাথের স্ত্রী সুলতা দেবনাথ (৩৫) ও একই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে কানাই চন্দ্র (৩২)।

আহতরা হলেন, মঙ্গল দেবনাথ (৪৮), মেয়ে আখি রানী দেবনাথ (১৫) ও ইজিবাইকের চালক নাটোর সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে আবুল কালাম (২৫)। আহতদের নাটোর সদর হাসপাতালালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ওসি মশিউর রহমান ও ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মুহিউদ্দীন জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নলডাঙ্গা থেকে নাটোরগামী যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে নাটোর শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অপর দুই যাত্রী আহত হন।
সদর থানার এসআই রুবেল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সাভার
এছাড়া রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেb অন্তত ২০ জন।

শনিবার সকাল সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি নৈশ কোচ সকালে আমিনবাজারের তুরাগ এলাকায় পৌঁছলে মহাসড়কে ইউটার্ন নেয়া একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই জামাল বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও নিহত ১ জনের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানায় একটি মামলা নেয়া হয়েছে।

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদের সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার সাইফুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, সকাল নয়টার দিকে ভাঙ্গার পূর্ব সদরদি নামক এলাকায় বরিশাল থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিলন উদ্দিন (৫৫) ও শাকেরা বেগম (৭০) নামে দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রামগতি উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কে একটি যাত্রীবাহী সিএনজি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ দুইজন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :
এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
বাস থেকে নামতে গিয়ে দুই পোশাক শ্রমিক নিহত
পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন
আগুনে পুড়ে ছাই কলোনির ১৮৩ কক্ষ