
লক্ষ্মীপুর সদরের হামছাদী এলাকায় ডাকাতিকালে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৯ দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, গত ২০১১ সালের ২ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পার এলাকার ব্যবসায়ী কার্তিক পালের ঘরে হামলা করে ডাকাতদল। এসময় অস্ত্রের মুখে পরিবারে সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
--------------------------------------------------------
আরও পড়ুন : নারায়ণগঞ্জে নারীসহ ৩ জেএমবি সদস্য গ্রেপ্তার
--------------------------------------------------------
ডাকাতিকালে বাধা দিলে ব্যবসায়ীর ছেলে লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্ত পালের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দীপ্ত।
এ ঘটনায় কার্তিক পাল বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৪ জনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় পুলিশসহ ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবুল কালাম রায়ের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন :
এসএস



