
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় স্মার্টফোনের মাধ্যমে নকল করায় চার ছাত্রকে বহিষ্কারের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার।
শনিবার ওই কলেজ কেন্দ্রের ১০৯ নম্বর কক্ষ থেকে তিনটি স্মার্টফোনসহ তাদের আটক করা হয়। বহিষ্কৃত ছাত্ররা হলেন সাগর শিকদার, নন্দন কুমার বিশ্বাস, আতিকুর রহমান ও জাহিদ ইকবাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার আরটিভি অনলাইনকে জানান, বহিষ্কৃত ছাত্ররা স্মার্টফোন দিয়ে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে দেয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : মানিকগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত
--------------------------------------------------------
একইভাবে উত্তর সংগ্রহ করে নকল করছিল। খবর পেয়ে তাদের মোবাইল ফোন জব্দ করে নকল করার সত্যতা মেলে। পরে তাদেরকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান আরটিভি অনলাইনকে জানান, আটক পরীক্ষার্থীরা তাদের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন :
জেবি/পি



