
মার্চ থেকে বন্ধ হয়ে আছে দেশের খেলা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি মৌসুমের খেলা বন্ধ হয়েছে এক রাউন্ড পরেই। এরপর চার মাস কেটে গেছে। অনুশীলনেও নেই দেশের ক্রিকেটাররা।
এরমাঝে স্থগিত হয়েছে বাংলাদেশের পাঁচটি সিরিজ। সঙ্গে যোগ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সিরিজগুলো স্থগিত হলেও আশা ছিল বিশ্বকাপ দিয়ে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটিও হলো না।
গতকাল সোমবার আইসিসির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয়, এবারের বিশ্বকাপ স্থগিত, সেটি হবে আগামী বছর।
এমন খবরে চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশের ক্রিকেটে। এবছরের বাকি সময়টা কাটাতে হবে না খেলেই। কিন্তু উপায় কী? আকরাম খান বলছেন, স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর পুনরায় আয়োজনের চেষ্টা করবে বিসিবি।
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আমাদের আর কোনো খেলা নেই এবছর। তবে ঈদের পর আমরা বসব এবং চেষ্টা করব শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা স্থগিত হয়ে গেছে সেটা করার এবং দুই একটা দেশের সাথে কথা বলব যাতে ক্রিকেটটা চালু করতে পারি।’
দেশে কোনো সিরিজ আয়োজনের চিন্তা ভাবনা আছে কী না বিসিবির এনিয়ে আকরাম খান বলেন, এমন কিছু করতে গেলে ঝুঁকি রয়েছে।
‘এই মুহূর্তে আমাদের দেশে বাইরের দলকে এনে হোস্ট করাটা ডিফিকাল্ট হবে। সো আমরা চেষ্টা করব যেন বাইরে গিয়ে খেলতে পারি।’
আরও পড়ুন:
এমআর/




