
ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই সর্বশেষ ভারতের বিপক্ষে খেলেছেন কেন উইলিয়ামসন। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন তিনি। এ ছাড়া গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্য ম্যান ইন ব্লুদের বিপক্ষে তাকে ২২ গজে দেখা গিয়েছিল। এবার এক বছর বিরতি দিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল তার। ফলে তাকে অধিনায়ক করেই দলও ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
তবে পূর্ব ঘোষিত স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। এতে সিরিজ শুরুর আগেই কিউই স্কোয়াডে পরিবর্তন এসেছে। মূলত চোটের কারণে বাদ পড়েছেন তারা। দীর্ঘদিন থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন উইলিয়ামসন।
অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোট আছে জেমিসনের। তাই তাকেও বিশ্রাম দিয়েছে এনজেডসি।
এদিকে উইলিয়ামসনের বদলি হিসেবে রাচিন রবীন্দ্র দলে সুযোগ পেয়েছেন। আর জেমিসনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন জ্যাকব ডাফি।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী ২৭ ডিসেম্বর। এ ছাড়া মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৯ ও ৩১ ডিসেম্বর।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।




