
ফুটবল মাঠে সেরা গোলের জন্য পুরস্কৃত করে থাকে ফিফা। এবার গেল এক বছরে ফুটবলের সেরা গোলের জন্য দেওয়া পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। পুরো বিশ্বজুড়ে দৃষ্টিনন্দন ও দক্ষ গোলের জন্য এবার ১১ জন ফুটবলার মনোনীত হয়েছেন। অবশ্য এবারের তালিকায় বেশ কিছু বৈচিত্র্য লক্ষ্য করা গেছে।
সেরা গোলগুলোর মধ্যে ইউএস ওপেন কাপ, এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান ও স্প্যানিশ লা-লিগার গোলও জায়গা পেয়েছে। এ ছাড়া সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপের তিনটি গোল এই তালিকায় জায়গা করে নিয়েছে। প্রাথমিকভাবে দর্শকদের ভোটে সেরা তিনজন বাছাই করা হবে। এরপর ফিফা বিশেষজ্ঞ প্যানেল চূড়ান্ত বিজয়ী বেছে নিবেন। জানুয়ারিতে ফিফা বর্ষসেরা ফুটবল অ্যাওয়ার্ড প্রদানের দিনে সেরা গোলের এই পুরস্কার প্রদান করা হবে।
গত বছর কিলিয়ান এমবাপ্পে, দিমিত্রি পায়েট, রিচার্লিসনকে পেছনে ফেলে পুসকাস অ্যাওয়ার্ড জয় করেছিলেন পা হারানো পোলিশ মারসিন ওলেক্সি। ৩৬ বছর বয়সী ওলেক্সি ওয়ার্টা পোজনানেরর হয়ে পোলিশ এম্পুটি লিগে স্টার জেসজোর বিপক্ষে দুর্দান্ত এক ওভারহেড কিকের সাহায্যে যে গোল করেছিলেন তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ক্রাচের সাহায্যে ভর দিয়ে ওলেক্সি ফুটবল খেলে থাকেন।
২০২৩ পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের তালিকা : আলভারো ব্যারেল, লিনডা কাইসেডো, জুলিও এনসিজো, ক্যাং সিওং-জিন, স্যাম কার, ব্রায়ান লোজানো, গুইহারমে মাডরুগা, ইভান মোরান্তে, নুনো সান্তোস, আশখাত টাগিবারগেন ও বিয়া জানেরাত্তো।




