
চলতি কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার আরব দেশ মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে আটালাস লায়নসরা উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় মরক্কোর অদম্য সিংহরা গোটা আসরে প্রতিপক্ষের কোনো গোল হজম করেনি। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স।
বুধবার (১৪ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আশরাফ হাকিমির অজেয় দল মরক্কো ও দুরন্ত কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। দোহার আল বায়েত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
এবারের টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বিশ্বকাপ জয়ের দৌড়ে বড় দাবিদার মনে করা হচ্ছিল দিদিয়ের দেশমের ফ্রান্সকে। তবে বিশ্বকাপ শুরুর আগে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের ইনজুরিতে কিছুটা শিরোপা জয়ে কিছুটা শঙ্কা জেগেছিল।
তবে এমবাপ্পে ছাড়াও অলিভার জেরার্ড, অ্যান্তিনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, ভারানেদের নিয়ে গড়া দলটি নিজেদের ছন্দ ধরে রেখে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের সামনে দাঁড়িয়ে রয়েছে। নিজেদের দিনে প্রতিপক্ষের রক্ত হিম করে দেওয়ার ক্ষমতা রয়েছে ফ্রান্সের আক্রমণভাগে।
আরও পড়ুন- মরক্কোর বিপক্ষে ফ্রান্সের একাদশে দুই পরিবর্তন
এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ফ্রান্স। তাই শেষ ম্যাচে সাইডবেঞ্চ পরীক্ষা করআর সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু তিউনিসিয়ার বিপক্ষে সেই ম্যাচে পরাজয় বরণ করে তারা।
শেষ ষোলোতে আবারও দাপুটে জয় ফ্রান্সের, পোল্যান্ডকে হারায় ৩-১'এ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মতো হট ফেবারিটরাও পারেনি। ফ্রান্স জেতে ২-১ ব্যবধানে।
অন্যদিকে আফ্রিকার দেশটি এরই মধ্যে দেখিয়েছে, তারা কী করতে পারে! জায়ান্ট কিলার দলটি গ্রুপপর্বে বেলজিয়াম-ক্রোয়েশিয়াকে চমকে দিয়ে, শেষ ষোলোতে করে স্পেনবধ। কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
সবচেয়ে বড় কথা, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি মরক্কো, তাদের জালে বল পাঠাতে পারেনি কোনও প্রতিপক্ষ। চলতি প্রতিযোগিতায় মরক্কো একমাত্র গোল হজম করেছিল কানাডার বিরুদ্ধে। সেই গোলটি ছিল আত্মঘাতী। ওই ম্যাচে ২-১ ব্যবধানে ম্যাচ জেতে মরক্কো।
আজ দ্বিতীয় সেমিফাইনালে তাই মূলত লড়াইটা হবে মরক্কোর জমাট রক্ষণের বিপক্ষে ফ্রান্সের দুর্দান্ত আক্রমণভাগের। সে লড়াইয়ে কারা জেতে, সেটিই এখন দেখার!
আরও পড়ুন- লুসাইল স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীর ‘রহস্যজনক’ মৃত্যু




