
চলমান কাতার বিশ্বকাপের শুরুতে গোড়ালির চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। যে কারণে এই তারকার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করে। শেষ ষোলোয় সেলেসাওদের প্রতিপক্ষ এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। ডু অর ডাই ম্যাচে এশিয়ান জায়ান্টদের বিপক্ষে ব্রাজিল দলে ফিরছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সোমবার (৫ ডিসেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪'এ বাংলাদেশ সময় রাত ১ টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে তিতের দল। চোট থেকে ফিরে এই ম্যাচের শুরুর একাদশেই নেইমারের ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। এজন্য অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন পিএসজির এই তারকা। এমনকি ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সেরে নিয়েছেন নিজের রূপচর্চাও।
কাতার বিশ্বকাপে মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার। এবার ইনজুরি থেকে প্রত্যাবর্তনের দিনে চুলের রংয়েও বদল আনলেন তারকা এই ফরোয়ার্ড। যা দিয়ে বিশ্ব আসরের মঞ্চে নতুন রূপে নামতে যাচ্ছেন ব্রাজিলের হেক্সা জয়ের এই স্বপ্ন সারথি।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে চুলে প্লাটিনাম রং করেছেন নেইমার। এই ম্যাচে মাঠে নামার আগে নিজের হেয়ার স্টাইলিস্ট নারিকোর শরণাপন্ন হন পিএসজির এই তারকা।
এদিকে নেইমারের নতুন ‘আউটলুক’-এর সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। যার ক্যাপশনে নারিকো লিখেছেন, ‘ফেরার জন্য নতুন লুক। সৃষ্টিকর্তা তোমার এবং দলের প্রতি সহায় হোন।’
সেই ২০১৫ সাল থেকে নেইমারের সঙ্গে কাজ করছেন নারিকো। গত রাশিয়া বিশ্বকাপেও নেইমারের চুলে রং করেছিলেন এই হেয়ার স্টাইলিস্ট। সেবার শেষ ষোলোয় মেক্সিকো ম্যাচের আগে চুলে সোনালি রং করেছিলেন তিনি। আর সে ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবারের বিশ্বকাপেও এমন কিছুর পুনরাবৃত্তি ঘটে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।




