
উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল আউট হয়েও হলেন না। ইনিংসের নবম ওভারের শেষ বলের সময় আবু জায়েদ রাহীর করা বল ক্যাম্পবেলের পায়ে লাগায় জোরালো আবেদন করলে সেই আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।
আম্পায়ারের সিদ্ধান্তের পর রিভিউ নেন ক্যাম্পবেল। তাতে দেখা যায় স্ট্যাম্পের উপর দিয়ে চলে যায় বল। এতে সিদ্ধান্ত থেকে সরে আসেন আম্পায়ার শরফুদ্দৌলা।
ব্যক্তিগত ১৩ রানের মাথায় রিভিউ সফল হওয়া ক্যাম্পবেল এবার কত রানে গিয়ে থামেন সেটাই দেখার বিষয়।
এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। চোটে পড়ে খেলা হচ্ছে না অল-রাউন্ডার সাকিব আল হাসানের। একই কারণে খেলা হচ্ছে না ওপেনার সাদমান ইসলামের। বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।
একাদশে জায়গা হয়েছে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন এবং আবু জায়েদ রাহীর। সফরকারী দলেও এসেছে পরিবর্তন। পেসার কেমার রোচের বদলে এই ম্যাচে খেলছেন আলজারি জোসেফ।
বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।
উইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মজলে, এনক্রুমাহ বনার, জশুয়া দ্য সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মায়ার্স।
এমআর/




