
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, সেটাতে তার কোনো সম্পৃক্ততা নেই। অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। দুই কোটি থেকে একটি টাকাও উঠানো হয়নি। সেই টাকা এখন সুদে আসলে ছয় কোটি হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।
ড. মোশাররফ বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায়। খালেদা জিয়াকে ভয় পায়। আওয়ামী লীগ ৭৫ সালে গণতন্ত্র হত্যা করেছে। আবার ২৯ ডিসেম্বর রাতে দেশের গণতন্ত্র হত্যা করেছে। সেজন্য এই সরকার জনগণের নয়। এই সরকার লুটেরাদের। ডাকাতদের সরকার। চাঁদাবাজদের সরকার। চাঁদাবাজি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। ব্যাংক লুট করেছে। চাঁদাবাজি লুটতরাজ এমন পর্যায়ে পৌছেছে, গত সাতদিনে যা দেখলাম, সরকারের ভেতর থেকে কালো বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে।
তিনি বলেন, যুবলীগের সামান্য একজন সমাজকল্যাণ সম্পাদকের বাড়ি থেকে নগদ এক কোটি ৭৫ লাখ টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের ক্যাসিনো জুয়া চলতে পারে না। আমরা তাদের নাম জানতে চাই। কারা এর সঙ্গে জড়িত।
এসজে




