
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের একটি রেস্টুরেন্টে বড় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে আটটার দিকে হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপোরো’র হিরাগিশি জেলার রেস্টুরেন্টটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ‘দ্য জাপান টাইমস’।
মারাত্মকভাবে বিধ্বস্ত ভবনটিতে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। সেখান থেকে আহতদেরকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
ঘটনাস্থলের আশেপাশে জনসাধারণকে যেতে দিচ্ছে না পুলিশ কর্মকর্তারা। ভবনটিতে আরও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
৫০ বছর বয়সী এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি বজ্রধ্বনির মতো একটা প্রচণ্ড শব্দ শোনেন। এসময় তিনি যে ভবনে থাকেন, সেটি নড়ে ওঠে।
সাপোরো’র অনেক মানুষ সোশ্যাল মিডিয়া বিধ্বস্ত ভবনের ছবি ও ভিডিও পোস্ট করছেন।
কে/জেএইচ




