
না ফেরার দেশে চলে গেছেন অভিনেত্রী হুমায়রা হিমু। বৃহস্পতিবার (২ নভেম্বর) মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। এদিকে মৃত্যুর পর ভাইরাল হয়েছে পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হিমুর একটি স্ট্যাটাস।
২০১৮ সালের ২২ মার্চ অভিনেত্রী তাজিন আহমেদ মারা যাওয়ার পর তাকে নিয়ে নিজের ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছিলেন হিমু। সেখানে লিখেছিলেন, আজ আমাদের মিডিয়া তাজিন আপুনিকে নিয়ে কত কথা বলছে। কিন্তু আপুনি যখন একা নিঃসঙ্গ অসহায় জীবন পার করছিল, তখন কেউ তার পাশে এসে দাঁড়ায়নি।
এরপর লিখেছিলেন, এখন অনেকে দাবি করছে, আমরা তার সহশিল্পী। আমরা তার কত কিছু, বন্ধু...কেন ভাই? এই বন্ধু, সহশিল্পী, বেঁচে থাকতে আমরা তার পাশে এগিয়ে আসতে পারিনি? পাশে আসা আমাদের উচিত ছিল। কিন্তু আমরা তা করিনি। একসময় আমিও মারা যাব, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকব না। আমরা মারা গেলেও আমাদের মিডিয়া আমাদের নামে অনেক গল্প বানাবে।
এরপর ২০১৯ সালের অভিনেত্রী তাজিন আহমেদের ছবি দিয়ে আরও একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন, আপু মিস করছি তোমাকে। কিছুই করতে পারলাম না তোমার জন্য। যেখানেই থাকো ভালো থেকো।
হিমুর মৃত্যুর পর ফের আলোচনায় এসেছে পাঁচ বছর আগে লেখা এই পোস্টগুলো। তাজিন আহমেদের মৃত্যুর সঙ্গে হিমুর মৃত্যুর মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।
ইতোমধ্যেই অভিনেত্রী হোমায়রা হিমুকে লক্ষ্মীপুরে তার মা শামিম আরা চৌধুরীর কবরের পাশে সমাহিত করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

প্রসঙ্গত, হুমায়ারা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। ফ্রেঞ্চ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করেন। এরপর টেলিভিশনে নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন।
২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমুর অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।




