
সিরাজগঞ্জে যমুনার চরে ঘাস খেতে এসে চোরাবালিতে আটকে যায় একটি গাভি। পরে স্থানীয় কৃষকদের ঘণ্টাখানেক চেষ্টার পর গাভিটি উদ্ধার করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড়কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাভিটি ওই ইউনিয়নের বন্নিগ্রামের কৃষক সহিদুল ইসলামের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি যমুনা নদীতে পানি কমতে থাকায় বড়কয়ড়া গ্রামে যমুনা নদীর পাড়ে একটি চর জেগে উঠেছে। দুপুরে এলাকার কৃষকদের একটি গরুর দল সেই চরে ঘাস খেতে যায়। এ সময় হঠাৎ একটি গাভি চরের চোরাবালিতে আটকে যায়। আশপাশে লোকজন না থাকায় সেখানে গাভিটি দীর্ঘক্ষণ আটকে থাকে। ধীরে ধীরে গাভিটির শরীরের বেশির ভাগ অংশ চোরাবালিতে তলিয়ে যায়। একপর্যায়ে বিষয়টি স্থানীয় কৃষকদের চোখে পড়ে। তারা সবাই মিলে এক ঘণ্টা চেষ্টার পর দড়ি বেঁধে গাভিটি উদ্ধার করেন।
গাভিটির মালিক সফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় গাভিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর গাভিটি অসুস্থ হয়ে পড়েছে।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাবালি থেকে পরিত্রাণের জন্য নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করা জরুরি।




