
ঈদে সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচেপড়া ভিড় ও বাড়তি উন্মাদনা। মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘিরে হলের ভরপুর দর্শকদের উত্তেজনা যেন বহুগুণে বাড়িয়ে দেয় ঈদের আনন্দ। গেল ঈদুল আজহায় মুক্তি পায় পাঁচ চলচ্চিত্র।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’, ‘লাল শাড়ি’, ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’।
এর মধ্যে ব্যাপক আলোচনায় রয়েছে রায়হান রাফি নির্মিত ও আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মুক্তির আগে থেকে আমরা ‘সুড়ঙ্গ’সিনেমাটির বেশি সাড়া পাচ্ছিলাম। টিকিটের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। প্রথমে সব শাখা মিলে ‘সুড়ঙ্গ’র মোট শো ছিল ১৮টি। আগাম টিকিট ছাড়ার পর দর্শকের চাহিদার কারণে এখন সব শাখা মিলে ৩০টি শো করা হয়েছে। এমনকি ‘সুড়ঙ্গ’র দর্শক চাহিদার কারণে আমাদের সব শাখার হলিউড সিনেমারগুলোর সব শিডিউল বাতিল করে ‘সুড়ঙ্গ’র শো বাড়ানো হয়েছে।
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে আসা দর্শক বলেন, সুড়ঙ্গ সিনেমার ট্রেলারটা দেখে এতোটাই ভালো লেগেছে, যে পরিবারের ২০ জন সদস্যকে নিয়ে সিনেমাটি দেখতে এসেছি। আর আমি আফরান নিশোকে অনেক বেশি পছন্দ করি।
আরেক দর্শক বলেন, আমরা শাকিব খানের থেকে আফরান নিশোকে বেশি পছন্দ করি। শাকিব খানের সিনেমা নিয়ে আসলে কোনো এক্সাইটমেন্ট কাজ করে না। নিশোর অভিনয় সব সময় অনেক ভালো। 'সুড়ঙ্গ' দেখতে আসার একমাত্র কারণ ছিল নিশো। সিনেমায় তার কাছ থেকে যে রকম এক্সপেক্ট করেছিলাম, ঠিক সেরকমই পেয়েছি। একটা সাসপেন্স ছিল যে, কখন কী হবে বা এরপর কী হবে। তাই পুরো সিনেমা জুড়েই এক্সাইটমেন্ট ছিল।
অভিনেতার এক ভক্ত বলেন, আফরান নিশোর সিনেমা দেখার জন্যই কোনো কাজ রাখিনি। এবারের ঈদে এটাই আমার বেষ্ট ঈদ উদযাপন। পর্দায় নিশো একদমই ভিন্ন একটি চরিত্র নিয়ে এসেছেন। আমরা চাই আফরান নিশো চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করুক। আমরা তার সিনেমা দেখব।
আফরান নিশোর কাছে ঠিক যে রকম আশা করেছিলেন, সে রকমই পেয়েছেন বলে জানিয়েছেন অধিকাংশ দর্শকরা। সেই সঙ্গে সিনেমার অ্যাকশন, সাসপেন্স, রোমান্সসহ সব গানগুলোও জায়গা করে নিয়েছে দর্শকহৃদয়ে।
এ ছাড়া সাড়া দেশের হলগুলোতেই কমবেশি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন দর্শকরা। মূলত সিনেমাটির গল্প ভিন্নধর্মী হওয়ায়া এমন আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেখার পর বেশিরভাগ দর্শকের আগ্রহ এই অভিনেতার পরবর্তী আরও সিনেমা দেখার। বলা চলে, প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন এই তারকা।




