
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তার অবস্থার আরও অবনতি হয়েছে। সিপিআর দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা। তবে আশার আলো খুবই ক্ষীণ। মিরাকলের আশায় আছেন অভিনেত্রীর পরিবার।
গত বুধবার (১৬ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। এরইমধ্যে কেটেছে প্রায় ৩৮ ঘন্টা। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনভর আইসিইউ-তে ঐন্দ্রিলার পাশে ছিলো তার পরিবার। সেখান থেকে এক মুহূর্তের জন্যও বের হননি ঐন্দ্রিলার মা। বারবার কান্নায় ভেঙে পড়েছেন তার বোন। প্রেমিক সব্যসাচীর মুখের দিকেও তাকানো যাচ্ছিলো না।
মেয়েকে সুস্থ করতে ছুটে বেড়াচ্ছেন তার চিকিৎসক বাবা। ঐন্দ্রিলার শরীর জুড়ে লাগানো অজস্র যন্ত্র। আইসিইউ-তে বাজছে তার পছন্দের গান। তবে কোনো সাড়া দিচ্ছেন না ঐন্দ্রিলা।
এদিকে গত বুধবার (১৬ নভেম্বর) রাতে ঐন্দ্রিলার ভুয়া মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিভ্রান্তি দূর করে মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে সব্যসাচী লেখেন, ‘আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে।
জীবনের প্রতিটি সংকটময় মুহূর্তে প্রেমিক সব্যসাচী চৌধুরীকে ছায়ার মতো পাশে পেয়েছেন ঐন্দ্রিলা। গত ১ নভেম্বর থেকে কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেত্রীর চিকিৎসা চলছে। এবারও প্রেমিকাকে ছেড়ে যাওয়ার পাত্র নন সব্যসাচী। প্রিয় মানুষটির সুস্থ হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস




