
দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।
দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এ নায়ক। ঈদ উপলক্ষে গত (১০ জুলাই) দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন অনন্ত-বর্ষা। এর পাশপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এর ধারাবাহিকতায় অনন্ত জলিল ১৭ জুলাই একটি ঘোষণা দিয়েছিলেন, ১৮ জুলাই সন্ধ্যায় যমুনা ব্লক বাস্টারে সিনেমা দেখতে যাবেন এবং সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের নামকরা সব তারকারা।
যমুনা ব্লক বাস্টারে সিনেমা দেখতে এসে অনন্ত জলিল কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। পাঠকের জন্য চুম্বক অংশ তুলে ধরা হলো।
অনন্ত জলিল বলেন, ‘দলে দলে স্টুডেন্টরা এসে কাউন্টারে টিকিট চাচ্ছে। আমি আসলে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যেখানেই যাচ্ছি সেখানেই একই অবস্থা। তবে আজকেরটা আরও একটু ভিন্ন। আজকে আরও বেশি মানুষ হয়েছে। ব্লক বাস্টারে যে লাইনটা এতো বড় আজকে... যার জন্য প্রায় ঢুকতেই পারছিলাম না। এটা আপনারাও দেখেছেন। আর আমি, আরিজ ও আবরারকে নিয়ে এসে তো আরও বিপদে পড়ে গেছি। যমুনা কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ, তারা অনেক কষ্ট করেই আমাদের ভেতরে নিয়ে আসছে। আর সাংবাদিকদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, যে পরিবেশটা আশা করছিলেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি।




