
বিদ্যুত বিলের নামে ফোনে আসা একটি লিংকে ক্লিক করেই প্রায় ৩ লাখ টাকা খোয়ালেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা শান্তিলাল মুখার্জি। এ বিষয়ে লালবাজারের সাইবার সেল ও ব্যাংকে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। কিন্তু এখন পর্যন্ত প্রতারক চক্রের কেউ ধরা পড়েনি।
শান্তিলাল মুখার্জি জানান, গত ১৩ জুন তার ফোনে একটি এসএমএস আসে। যেখানে লেখা ছিল, সেদিন বিদ্যুতের বিল না দিলে রাতের মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তৎক্ষণাৎ অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করেন তিনি।

কিছুক্ষণ পর অচেনা নম্বর থেকে তার ফোনে কল আসে। অভিনেতাকে জানানো হয়, বিল আপডেট হয়নি। এরপর তার ফোনে একটি লিংক পাঠানো হয়। সেই লিংকে ক্লিক করার কিছু সময় পর ব্যাংক থেকে ফোন করে শান্তিলালকে জানানো হয়, তার অ্যাকাউন্ট থেকে আড়াই লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৮ হাজার ২১০ টাকা) তোলা হয়েছে।
এদিকে সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সম্প্রতি ইলেকট্রিক বিল পরিশোধের নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রতারকরা। এভাবে বহু গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। তাই সব লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা।
সূত্র: এবিপি আনন্দ




