
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে মাদক মামলায় দ্বিতীয় দফার রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে তাদের আটক রাখার জন্য আবেদন করেছেন।
দুদিনের রিমান্ড শেষে শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুকে। রাজধানীর বনানী থানায় তাদের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে শুনানি হবে।
এর আগে পরীমণি ও তার সহযোগীকে আদালতে হাজির করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।
মঙ্গলবার (১০ আগস্ট) চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমণির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকের পর তাকে নেয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানেই বুধবার রাত কাটে তার।
পরদিন সন্ধ্যার দিকে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও আশরাফুল ইসলাম ওরফে দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এসআর/




