
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে হাতাহাতিতে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গেল রোববার রাতে সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার সকালে নিহত জোসনা বেগমের (৬০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জোসনা বেগম ওই গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান আরটিভি অনলাইনকে বলেন, উত্তর রৌহা গ্রামে একটি মসজিদের কাছাকাছি আরেকটি নতুন মসজিদ নির্মাণের জন্য জোসনা বেগমের দেবর-ভাসুরেরা জমি দান করেছিল। সেখানে জমি দেওয়ার জন্য জোসনা বেগমের পরিবারকেও চাপ দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে সন্ধ্যার পর উভয়পক্ষের হাতাহাতির একপর্যায়ে গুরুতর আহত হন জোসনা বেগম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন
জেবি




