
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের ডুমুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের সমর্থকরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়া আরটিভি অনলাইনকে জানান, ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী কার্যালয়ে রাতে একদল দুর্বৃত্ত হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তছনছ করে কার্যালয়টি। এসময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী মসজিদ ও মুদি দোকানের বাইরে তালা ঝুলিয়ে দেয়।
এ ঘটনার জন্য ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের কর্মীদের দায়ী করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, আমি খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি/পি



