
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে বিজিবির গুলিতে একজন নিহত হয়েছে।
সোমবার ভোর চারটার দিকে জামালপুর মাঠে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হায়দুল ফরাজী (২৪)। তিনি উপজেলার জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, রোববার রাত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাকারবারিরা ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।
এসময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিকে লক্ষ্য করে মাদককারবারিরা পর পর তিন রাউন্ড গুলি করে। জবাবে বিজিবি সদস্যরা সাত রাউন্ড গুলি চলালে এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়।
পরে সেখান থেকে নিহত মাদক ব্যবসায়ী হায়দুল ফরাজীর মরদেহ উদ্ধার হয়। এছাড়াও বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড বন্দুকের গুলি, আট প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
পুলিশ নিহত মাদক পাচারকারীর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন :
জেবি



