
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মমতাজ বেগমের সমর্থকদের বিরুদ্ধে। এ হামলায় আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর ছয়জন সমর্থক।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার হরিরামপুর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান অভিযোগ করে বলেন, সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থকরা এই হামলা করেছেন।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান উল্টো অভিযোগ করেন, দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা তাকে পিস্তল বের করে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়েছেন।
জানা গেছে, আজ বিকেলে ও সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে দুই দফায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দেওয়ান সাইদুর রহমান জানান, নৌকার সমর্থক আবিদ হাসান বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। হামলায় হৃদয় আহমেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব জানান, আওয়ামী লীগের নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন করলে তাকে মেরে ফেলার হুমকি দেন চেয়ারম্যান সাইদুর রহমানের ছেলে নবীনুর দেওয়ান।
হরিরামপুর থানার ওসি শাহ নূর এ আলম জানান, নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষের লোকজনকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা করার জন্য বলা হয়েছে।




