
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ফরিদপুর-৪ আসনের নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহ।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সদরপুরে কর্মিসভায় বক্তৃতাকালে এসপির বিরুদ্ধে এ অভিযোগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট নই, ফরিদপুরের এসপি চান না এখানে নৌকার নির্বাচন হোক। তিনি চান না সদরপুর-ভাঙ্গাতে নৌকা জিতুক। টাকার জন্য তিনি নৌকা হারাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নিয়েছেন।’
রোববার ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাজী জাফর উল্লাহ নিজ গ্রাম ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া থেকে নেতাকর্মীদের নিয়ে গাড়িযোগে সদরপুরে পৌঁছান। এরপর নির্বাচনী কর্মিসভায় যোগ দেন এবং উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন।
কাজী জাফর উল্লাহ বলেন, ‘আমি সন্তুষ্ট নই। কারণ আমি দেখছি সদরপুরে খুন-রাহাজানি হচ্ছে। সদরপুরের চর বলাশিয়ায় নৌকার এক কর্মীকে কুপিয়ে মাথা দুই টুকরা করে দিয়েছে। সে ট্রমা সেন্টারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অথচ আমরা যখন বিষয়টি থানাকে জানাই, তারা বলে মামলা নিতে হলে ওদেরও (অপরপক্ষের) মামলা নিতে হবে। তার মানে তারা সম্পূর্ণরূপে নিক্সনের (প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী) পক্ষে।’
তিনি বলেন, ‘‘তিনি (এসপি) লাইন দিয়েছেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে। কারণ ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থীরা সবাই টাকাওয়ালা। ‘টাকা আছে যেখানে, আমাদের প্রশাসন এসপি আছে সেখানে’। আমরা যুদ্ধ লড়াই করে মাঠে আছি। গরিব-দুঃখী মানুষ ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে প্রমাণ করবে। মানুষের শক্তির সঙ্গে তারা পারবে না।’’
কাজী জাফর উল্লাহ তার বক্তব্যে প্রতিপক্ষ নিক্সন চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘দুদিন আগে নিক্সন চৌধুরী আমাকে উদ্দেশ করে বলেছে, চাচা নির্বাচন কেন বন্ধ করলেন? ৯০ মিনিটের খেলা। টাকা লাগে আমি দেব। তাহলে বুঝতে পারেন তার দেমাগটা কোথায় চলে গেছে? সে আমাকেও টাকা দিয়ে কিনতে চায়!’
তিনি বলেন, ‘আমি বালু কাটব না, আমি জমি দখল করব না, কোনো বাস থেকে চাঁদা উঠাবো না। মিথ্যা মামলা দিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ ঘটাব না। অসহায় মানুষের জন্য মাঠে নেমেছি, সততার সঙ্গে মানুষের সেবা করতে চাই। মানুষের মুখে হাসি ফোটাতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগ নেতা দীপক মজুমদার, আনিসুর রহমান প্রমুখ।




