
ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেটকার ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় নৌকা প্রতীকের আরও দুই সমর্থক আহত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চেঙের মোড় বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর অফিসে মাইক বাজানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তারা জানান, প্রথমে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে মিটিং হচ্ছিল এ সময় নৌকার অফিসের মাইকের সাউন্ডে তা শুনা যাচ্ছিল না বলে সাউন্ড একটু কমাতে বললে তারা তা না শুনলে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আফজাল হোসেন নৌকা প্রতীকের প্রচারমাইক বন্ধ করে দেয়।
পরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসেলের নেতৃত্বে একদল যুবক এসে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রচারমাইক ভাঙচুর করে প্রচারণা বন্ধ করে দেয়। এ ঘটনার জের ধরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বসির উদ্দীনের নেতৃত্বে আড়ুয়াকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা অবস্থান নেয়। এ সময় এমপির একান্ত সহকারী ও নৌকা প্রতীকের প্রধান সম্বনয়কারী রওশন আলীর গাড়ি লক্ষ্য করে এবং তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে। গাড়ির ড্রাইভার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পায়।
এ সময় রওশন আলীর সঙ্গে মোটরসাইকেলে মজনু ও অন্য একজন সমর্থক ছিল, তাদেরকে পিটিয়ে আহত করা হয়েছে। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গাড়িটি থানায় রয়েছে।
এ বিষয়ে রওশন আলী বলেন, আমি আড়ুয়াকান্দি গ্রামের মাঝ দিয়ে যাচ্ছিলাম এ সময় বসির চেয়ারম্যানের নেতৃত্বে আমাকে খুন করার উদ্দেশ্যে একদল যুবক আমার গাড়ির ওপরে হামলা করে সামনের গ্লাস এবং সাইডের গ্লাস ভাঙচুর করতে থাকে। তখন ড্রাইভারকে জান বাঁচাতে গাড়ি দ্রুত গতিতে চলে যাওয়ার জন্য বলি।তা না হলে, তারা আমাকে জানে মেরে ফেলতো। তবে এই ঘটনার আগে চেঙের মোড়ে কি হয়েছে তা আমি কিছুই জানতাম না। পরে শুনলাম প্রচারমাইক বাজানো নিয়ে দুই পক্ষের মধ্যে একটু হাতাহাতি হয়েছে।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, ঝিনাইদহ-২ আসনের আওতায় রয়েছে হরিনাকুন্ডু ও সদর উপজেলা। এখানে নৌকা প্রতীকে তাহজীব আলম সিদ্দিকী এবং স্বতন্ত্র ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল।




