
বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে লক্ষ্মীপুরে খাবার হোটেলের ম্যানেজার রাকিব হোসেনকে থাপ্পড় দেয় দুই তহশিলদার। এতে ক্ষিপ্ত হয়ে হোটেল শ্রমিকরা দুই তহশিলদারের ওপর হামলা করে। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ হোটেলের ১২ শ্রমিককে আটক করে। ঘটনায় আহত তহশিলদার ওমর ফারুক ও আরিফুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জেলা শহরের উত্তরতেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে ভয়ে হোটেল কর্তৃপক্ষ পালিয়ে যায়। আপাতত হোটেলটি বন্ধ রয়েছে।
আহত ফারুক সদরের উত্তর হামছাদী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) ও আরিফুর রায়পুরের চরবংশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মোহাম্মদিয়া হোটেল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করেছে। তহশিলদার ফারুক সকালে হোটেলে নাশতা করতে এসে পতাকা এলোমেলো দেখেন। এনিয়ে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি রাকিবকে চড়-থাপ্পড় দেয়। এ সময় হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা করে। তখন তাকে বাঁচাতে গেলে তহশিলদার আরিফুর মারধরের শিকার হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। এ ব্যাপারে হোটেল কর্তপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
আহত ওমর ফারুক বলেন, মহান বিজয় দিবসে মোহাম্মদিয়া হোটেল কর্তৃপক্ষ পতাকার অবমাননা করেছে। এতে প্রতিবাদ করায় হোটেলের লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমি এ ঘটনায় মামলা করব।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওলি উল্যাহ বলেন, ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।




