
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে পাবজি ও ফ্রি-ফায়ার। ওই একই আদেশে ক্ষতিকর সব গেমস ও অ্যাপস বন্ধের বিষয়ে নির্দেশনা দেন হাইকোর্ট।
এ নির্দেশনা বাস্তুবায়নে এবার মাঠে নেমেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে আগামী সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও তার অধীন বিটিআরসিসহ অন্যান্য সংস্থা ডিজিটাল নিরাপত্তার সঙ্গে যুক্ত। এসব সংস্থারগুলোর প্রধান কাজ হলো নেট দুনিয়ার ক্ষতিকর কিছু কেউ চিহ্নিত করে পাঠালে তা বন্ধ করে দেওয়া। সে অনুযায়ী আমরা ফ্রি-ফায়ার ও পাবজি বন্ধ করেছি। এছাড়া ক্ষতিকর আরও গেমস ও অ্যাপ চিহ্নিতকরণে অনেক মন্ত্রণালয় ও সংস্থাকে জড়িয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সব মন্ত্রণালয়কে সংযুক্ত করে এসব ক্ষতিকারক গেমস ও অ্যাপ বন্ধের জন্য বিটিআরসিকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, যেসব ইন্টারনেট গেমস ও অ্যাপ বন্ধের কথা হাইকোর্ট থেকে সরাসরি বলা হয়েছে, সেগুলো বন্ধের কাজ ইতোমধ্যে আমরা এক দফা করেছি। বাকীগুলো খুঁজে বের করে তালিকা তৈরি করা হচ্ছে।
জেএইচ




