
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিজয় রথ থামিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানস। ৮ উইকেটে বিশাল জয় পেয়েছে রোহিত শর্মার দল। এ দিন প্রথমে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক।
কিন্তু নিজের দলের বোলারদের উপর ভরসা করে যে কোনও ভুল করেননি রোহিত, তা প্রমাণ করে দেয় মুম্বাইয়ের বোলাররা। ২০ ওভারে ১৬৯ রান তোলে চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে এ দিন ভাল খেলেন ফর্মে থাকা আম্বতি রায়ডু এবং সুরেশ রায়না। ৩৫ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রায়ডু। দু'টি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
অন্য দিকে, ৪৭ বলে সুরেশ রায়নার খেলা ৭৫ রানের ইনিংসই চেন্নাইকে ১৬০ রানের গণ্ডি পার করে। ছয়টি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস। আম্বতি এবং রায়না ছাড়া রান পান গত ম্যাচের নায়ক চেন্নাই সেনাপতি মহেন্দ্র সিং ধোনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : টিভিতে আজকের খেলা
--------------------------------------------------------
তিনটি চার এবং একটি ছয়ের সৌজন্যে ২১ বলে ২৬ রান করেন তিনি। এই তিন জন ছাড়া আর কেউই রান পাননি সে ভাবে। ১২ রান করে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন শেন ওয়াটসন, রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেলেন ডোয়েন ব্র্যাভো। ৩ রান করেন স্যাম বিলিংস।
এদিন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে দুটি উইকেট নেন মিচেল ম্যাকলানেঘানও ক্রুনাল পান্ডিয়া। আর একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
চেন্নাইয়ের ১৬৯ রানের জবাবে মুম্বাই ইনিংসের শুরু থেকেই দৃঢ় মানসিকতার পরিচয় দেন দুই ওপেনার সূর্যকুমার যাদব এবং এভিন লুইস। এই ম্যাচে জয়ে ফেরাটা যে কত প্রয়োজন ছিল মুম্বাইয়ের জন্য তার প্রমাণ পাওয়া যায় এই দুই ওপেনারের শরীরী ভাষা থেকেই।
দুই ওপেনারের ৬৯ রানের পার্টনারশিপ ম্যাচর ভীত গড়ে দেয়। ৩৪ বলে ৪৪ রান করে আউট হন যাদব। পরের পর ম্যাচে ব্যর্থ হওয়া এভিন লুইসও রান পান। ৪৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন এভিন।
এর পর বাকি কাজটি করে দেন অধিনায়ক রোহিত। দু'টি ছয় এবং ছয়টি চারের সৌজন্যে ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন এই তারকা ব্যাটসম্যান।
রোহিতকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। ৮ বলে গুরুত্বপূর্ণ ১৩ রান করেন তিনি।
চেন্নাইয়ের দু'টি উইকেট পান হরভজন সিং এবং ডোয়েন ব্র্যাভো। ৩.৫ ওভারে ২০ রান দিয়ে এক উইকেট পান ভাজ্জি। অন্য দিকে মুম্বাই ইনিংসের দ্বিতীয় উইকেটটি ব্র্যাভো নেন ২১ রান খরচ করে। এই দুই জন ছাড়া চেন্নাইয়ের কোনও বোলারই এ দিন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোহিত নিজেই। এই ম্যাচে হারলেও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকায় শীর্ষেই থাকল চেন্নাই সুপার কিংস।
পাশাপাশি এই ম্যাচ জিতে দুই ধাপ উঠে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে জায়গা করে নিল মুম্বাই পল্টন।
ওয়াই/পি




