
দু'বছরের নির্বাসন কাটিয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফের দেখা যাচ্ছে রাজস্থান রয়্যালসকে। টুর্নামেন্টের শুরু থেকেই রাজস্থানের সমর্থকেরা বুক বেঁধেছিলেন প্রিয় দলের সেরা পারফরম্যান্স দেখার আশায়। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয় অজিঙ্কা রাহানের দলকে। তবে সেই হারের যন্ত্রণা ভুলতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি সমর্থকদের। পর পর দু'ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোঁটান রাজস্থানের ক্রিকেটারেরা।
কিন্তু হঠাৎই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পুনেতে চেন্নাইয় সুপার কিংসের কাছে পর পর দুই ম্যাচ হেরে লিগের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রাজস্থান। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দু'টি জয়ে পেয়েছে রাজস্থান, হেরেছে তিনটিতে।
৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছে রয়্যালসরা। এই পরিস্থিতিতে রোববার ঘরের মাঠে গত বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাহানের দল।
রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, মুম্বাইয়ের বিরুদ্ধে রাজস্থানের প্রথম একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। চেন্নাই ম্যাচে সুযোগ পাওয়া স্টুয়ার্ট বিনির পরিবর্তে দলে ফিরতে পারেন ধবল কুলকার্নি এবং বেন লাফলিংয়ের পরিবর্তে সুযোগ পেতে পারেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার দুশমন্ত চামিরা।
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থাও বিশেষ সুবিধার নয়। চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত মুম্বাইয়ের জয় এসেছে মাত্র ১টি ম্যাচে, বাকি ৩টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার দলকে। মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে মুম্বাই শিবির।
গত ম্যাচে জয়ের ছন্দে ফেরাটাই এই ম্যাচে এগিয়ে রাখছে মাহেলা জয় বর্ধনের শিষ্যদের। অতীতেও দেখা গিয়েছে হারতে হারতে মুম্বাই দলটি এক বার জয়ের স্বাদ পেয়ে গেলে, সেই ধারাবাহিকতা গোটা টুর্নামেন্টে বজায় রাখে তারা। ফলে গত ম্যাচ জয়ের রাস্তায় ফেরা মুম্বাই একটু হলেও এগিয়ে থাকছে এই ম্যাচে।
সবশেষ ম্যাচে জয় পেলেও নির্বিকার ছিলেন মুম্বাইয়ের হয়ে খেরা বাংলদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে উইকেট শূন্য থেকে দিয়েছেন ৫৫ রান। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগতে পারে, আজকের ম্যাচে থাকবেতো মুস্তাফিজ?
এ ম্যাচটা সুযোগ পেলে ঘুরে দাঁড়ানোর জন্য যে চেষ্টার কমতি রাখবেনা এই কাটার মাস্টার সেটা অন্তত বাংলাদেশী ক্রিকেট সমর্থকেরা ভালো করেই জানে। বাকিটা এবার মুম্বাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।
মুম্বাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দল অপরিবর্তিত রেখেই রাজস্থানের বিরুদ্ধে নামতে চাইছেন অধিনায়ক রোহিত শর্মা। এখন দেখার রবিবারে মেগা এই ম্যাচে কোন দলে জিতে লিগের দৌড়ে নিজেদের সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে।
এমআর/ওয়াই




