
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
২০১৬ সালের অক্টোবরে ভুটানের বিপক্ষে এশিয়ান কাপের প্রাক-বাছাইয়ে সবশেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য শেষ হাসি হাসতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে লাওসের বিপক্ষে ম্যাচের আগে স্বস্তির খবর হলো থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে বাংলাদেশ দল।
ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে ৪-৩ গোলের জয় পায় বাংলাদেশ। লাওসের বিপক্ষে ম্যাচটি অন্যদিক দিয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জও। কেননা, ২০১৬ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-২ গোলে জেতার পর আর জয়ের স্বাদ পায়নি জাতীয় ফুটবল দল।
অনেকদিন ধরে ফিফা আন্তর্জাতিক ম্যাচের বাহিরে থাকায় লাওসের চেয়ে র্যাংকিংয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৭তম স্থানে। অন্যদিকে, স্বাগতিক লাওস আছে ১৮৩তম স্থানে।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্মিথের জায়গায় অস্ট্রেলিয়া দলে রেনশ
--------------------------------------------------------
তবে কয়েকদিন আগে হওয়া প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। তাই লাল-সবুজদের নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু অর্ডও। দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, এ পর্যন্ত প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা যেভাবে খেলেছি সেটাই মাঠে প্রয়োগ করতে হবে। ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হবে।
অনেকদিন খেলার বহিরে থাকায় মানসিক ভাবে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। সে বিষয় নিয়ে কোচ বলেন, আমরা যখন শুরু করেছিলাম, তখনকার চেয়ে বর্তমানে ছেলেদের মানসিক অবস্থা অনেক উন্নত। অতীতে খেলোয়াড়দের যে খারাপ দিকগুলো ছিল, সেটা কাটিয়ে ওঠার জন্য তারা অনেক পরিশ্রম করেছে।
দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তপু বর্মণও লাওসের বিপক্ষের ম্যাচ নিয়ে আশাবাদী। তিনি বলছেন, আজকের ম্যাচটির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। ম্যাচটির জন্য সবাই এখন পুরোপুরি প্রস্তুত। আশা করি, লাওসের বিপক্ষে ম্যাচটি জিতে দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে পারব।
এএ/ওয়াই




