
শ্বাসরুদ্ধ ম্যাচে বিফলে গেলো কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরি। শেষদিকে মঈন আলির ঘূর্ণিতে পথ হারিয়ে অতল গহ্বরে তলিয়ে যায় কিউইরা। শেষ পর্যন্ত ৪ রানের জয় তুলে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন মঈন আলি।
শনিবার ওয়েলিংটনে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে ওপেনার জেসন রয়কে (১৫) হারায় ইংল্যান্ড। এরপর ৬৪ রানের মধ্যে জো রুট (২০) ও জনি বেয়ারস্টো (১৯) সাজঘরে ফিরে গেলে বেন স্টোকসকে নিয়ে জুটি বাঁধেন অধিনায়ক ইয়ন মরগান। ১১৬ বলে ৭১ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান এ দু’জন।
অবশ্য টিম সাউদির বলে মরগান মাঠ ছাড়লে বড় রানের আশা শেষ হয়ে যায় সফরকারীদের। মরগান ৭১ বলে করেছেন ৪৮ রান। অন্যপ্রান্তে স্টোকস খেলা চালিয়ে যেতে থাকেন। তবে তিনিও খুব বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ৩৯ রানে ইশ সোধির বলে আউট হয়ে মাঠ ছাড়েন স্টোকস। এরপর জস বাটলার (২৯), মঈন আলি (২৩) ও ক্রিস ওকসের ছোট ছোট ইনিংসের ওপর ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভার খেলে ২৩৪ রান করে অলআউট হয় ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে সোধি ৩টি, ট্রেন্ট বোল্ট ২টি, সাউদি ও গ্র্যান্ডহোম ১টি করে উইকেট লাভ করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: শ্রীলঙ্কা যাচ্ছেন সুজন, অস্ট্রেলিয়ায় সাকিব
--------------------------------------------------------
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলকে হারালেও কলিন মুনরোকে নিয়ে দারুণ ব্যাটিং চালিয়ে যান ইনজুরি থেকে ফেরা কেন উইলিয়ামসন। দুজনের জুটিতে ৬৮ রান তোলে স্বাগতিকরা। আদিল রশিদের বলে ব্যক্তিগত ৪৯ রানে মুনরো ফিরে গেলে নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামে। দলীয় ৮০ রানে মুনরোর উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দলীয় ৯৭ থেকে ৯৮ রানে পৌঁছাতে আরও ৩টি উইকেট হারায় তারা। আর ১০৩ রানে করতেই ৬ উইকেট নেই নিউজিল্যান্ডের। মাঝের এ সময়টুকুতে ভেল্কি দেখান ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
মার্ক চ্যাপম্যান ও টম ল্যাথামকে পরপর আউট করেন মঈন। আর হেনরি নিকোলসকে ফেরান রশিদ। এরপর মিচেল স্যান্টনারকে নিয়ে ৯৬ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান উইলিয়ামসন। কিন্তু স্যান্টনার দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হলে জয় থেকে মাত্র ৫ রান দূরে থেকে মাঠ ছাড়তে হয় নিউজিল্যান্ডকে।
শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৩০ রান করতে সক্ষম হয় কিউইরা। আর অধিনায়ক কেন উইলিয়ামসন ১৪৩ বলে ৬ চার ও ২ ছয়ের সাহায্যে ১১২ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের হয়ে মঈন আলি ৩৬ রানে ৩ টি, ক্রিস ওকস ও রশিদ খান ২টি করে উইকেট লাভ করেন।
আরও পড়ুন:
এএ/পি




