
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন- দেশের চলমান সঙ্কট থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। কিন্তু বর্তমান সরকার সেটা করছে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন- ‘বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলছেন। এ জন্য তিনি আদালতে হাজির হতে পারছেন না। কিন্তু খালেদা জিয়ার অনুপস্থিতিতে একতরফাভাবে বিচারকার্য চালিয়ে নেয়া হচ্ছে।
নজরুল ইসলাম বলেন, দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় শাস্তি প্রদানের পাঁয়তারা করছে সরকার। জনগণ সেটা কোনোদিন হতে দেবে না। জনগণ একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।
শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খান বলেন- কিছুদিন ধরে কয়েকটি সংবাদপত্রে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে সম্পূর্ণ হীন উদ্দেশ্য নিয়ে দেশব্যাপী সংসদীয় এলাকাগুলোতে বিএনপির নামে প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। সংবাদপত্রে প্রকাশিত প্রার্থী তালিকা সম্পূর্ণভাবে ভুয়া ও মনগড়া। এ ধরনের মিথ্যা ও আজগুবি খবর প্রকাশে সরকারি এজেন্সিগুলো ইন্ধন দিচ্ছে বলে আমরা মনে করি।
প্রকৃত তথ্য জেনে সংবাদ প্রচার ও প্রকাশ করতে গণমাধ্যমকে আহ্বান জানান নজরুল ইসলাম খান।
আরও পড়ুন :
এমসি/পি




