
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আগামীকাল রোববার আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য কার্যালয় সংলগ্ন পুরান সিনেট কক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ’র ব্যানারে এই সভা অনুষ্ঠিত হবে।
এদিকে ‘ক্যাম্পাসে সহাবস্থান’ না থাকায় এই সভায় ছাত্রদল নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্র নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার ঢাবি উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে এই উদ্বেগের কথা জানান সাদা দলের নেতৃবৃন্দ।
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। যেখানে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ইতোমধ্যেই গণমাধ্যমে সূত্রে জানতে পেরেছি ছাত্রলীগ কালকের সভায় ছাত্রদলের কেউ অংশ নিলে আক্রমণ বা হামলা করতে পারে। এমতাবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে উদ্বিগ্ন। যে কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমাদের উদ্বেগের বিষয়টি অবহিত করেছি। উপাচার্য আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচন করতে ঢাবি প্রশাসনকে ছয় মাসের মধ্যে পদক্ষেপ নিতে আদেশ দেয় উচ্চ আদালত। এই নির্দিষ্ট সময়ে নির্বাচনের পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার মামলা হওয়ার পর ক্যাম্পাসে ‘সক্রিয়’ ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আলোচনায় ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পি




