
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে তার গাড়িবহর। এ ঘটনায় রায়হান নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকামুখী বাসের ধাক্কায় বিধ্বস্ত হয় তার গাড়ি। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আমিরাবাদ ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তার বহরের তিনটি মাইক্রোবাস ও দু’টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাউদকান্দি পৌর ছাত্রদলকর্মী রায়হান নিহত হন। এ ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ১৫ জন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের কিছু হয়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এসএস




