
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক লীগের (সিবিএ বি-১৯০২) দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ নিয়ে ওয়াসা ভবনের সামনে দুগ্রুপ মুখোমুখি হলে ব্যাপক সংঘর্ষ হয়। উভয়গ্রুপের ভাঙচুরে ওয়াসা ভবনের ব্যাপক ক্ষতি হয়।
এদের মধ্যে শহিদ ডাকুয়া, জয়নাল আবেদীন এবং মফিজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে পিডিবির মতিঝিল কার্যালয়ে এ ঘটনা ঘটে।
চন্দন কুমার চংদার ও শহীদ ডাকুয়া পক্ষ পিডিবির সিবিএ নির্বাচনের দাবি জানায়। অপরদিকে বর্তমান সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও আলাউদ্দিন মিয়া গঠনতন্ত্র সংশোধন করে আবার ক্ষমতায় থাকার জন্য সাধারণ সভা আহ্বান করে। শহিদ ডাকুয়া, চন্দন কুমার ও ফরিদউদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি বিদ্রোহী গ্রুপ সাধারণ সভা বানচালের চেষ্টা করে। এনিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : চাকরির বয়স ৩৫ করার কোনো ভাবনা নেই: জনপ্রশাসনমন্ত্রী
--------------------------------------------------------
জানা গেছে, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ-১৯০২) সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে আজ বুধবার ওয়াসা ভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করে। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে ইফতার মাহফিলের ভেনু পরিবর্তন করে ওয়াপদা ভবনের উল্টোদিকে ৯/বি ভবনে আয়োজন করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার একই জায়গায় দুই গ্রুপ সভা ডাকায় মঙ্গলবার ওয়াপদা ভবন প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় কোনও প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে মতিঝিল থানা পুলিশ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার সকালেই দুই পক্ষ পিডিবি কার্যালয়ে জমায়েত হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আরটিভি অনলাইনকে বলেন, আমরা আগে থেকে ম্যাসেজ জানতাম বুধবার সকাল সাড়ে দশটার দিকে ওয়াপ ভবন প্রাঙ্গণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেশব্যাপী শ্রমিক কর্মচারীদের সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে একই শ্রমিক সংগঠনের দুই গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
তিনি আরও বলেন, বিষয়টি মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওয়াপদা ভবন প্রাঙ্গণ এবং আশপাশ এলাকায় সভা-অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করে সভা করে। পরে সকাল ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক মতিঝিলের পিডিবি অফিসে দুই গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে গেলে তারা সটকে পড়ে। ঘটনাস্থলে পুলিশের বাড়তি ফোর্স রাখা হয়েছে।
আরও পড়ুন :
এমসি/পি




