
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে শাখা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, ঘটনা তদন্তের জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।
এ কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম বন্ধ থাকবে। তদন্তের পর দোষীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলার মাঠেই জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ালে সভাপতি তরিকুল ও সাধারণ সম্পাদক রাসেল তাদের নিয়ে ক্যাম্পাসে বসে বিষয়টি মীমাংসা করে দেন।
কিন্তু সভাপতি গ্রুপের কর্মীরা সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে একা পেয়ে তার ওপর হামলা করে। এতে করে সংঘর্ষ আবারও ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এবং সভাপতি-সাধারণ সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটির তিন কর্মী আহত হয়। এছাড়া দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপরও হামলার ঘটনা ঘটে।
এমসি/এসএস




