
যুক্তরাষ্ট্রের সাথে সৌদি প্রশাসনের চলমান সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশটি ‘দুই সপ্তাহও’ চলতে পারবে না বলে ট্রাম্পের সতর্কবার্তার কয়েকদিন পরই এমন কথা বললেন সালমান। খবর আল জাজিরা।
ট্রাম্প প্রশাসন সম্পর্কে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গকে বিন সালমান জানান, ট্রাম্পের সঙ্গে কাজ করতে পছন্দ করি আমি। মধ্যপ্রাচ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অর্জন অনেক।
৩৩ বছর বয়সী এই প্রিন্স বলেন, মিত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। এটা মেনে নিতে হয়। তার ভাষায়- ‘যেকোনও বন্ধু ভালো এবং খারাপ দুই ধরনের কথাই বলবে। আপনার সম্পর্কে ভালো কথা বলছে এমন শতভাগ বন্ধু পাবেন না আপনি। এমনকি পরিবারেও এটা হয় না।’
এর আগে বুধবার মিসিসিপি ক্যাম্পেইন র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা তুলে নিলে সৌদি আরব ‘দুই সপ্তাহও’ টিকবে না। আমরা তাদেরকে সুরক্ষা দেই। আপনারা তাদের সম্পদশালী বলবেন? আমি কিং সালমানকে পছন্দ করি। তাকে বলেছিও- আমরা তোমাদের সুরক্ষা দিচ্ছি। আমাদের ছাড়া তোমরা দুই সপ্তাহও থাকতে পারবে না।
এর আগেও সৌদি আরবের সমালোচনা করেছে ট্রাম্প। ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষা পেতে হলে সৌদি আরবকে আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে।
আরও পড়ুন :
ডি/পি




