
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ছয় মাস আগে শুরু হওয়া সাপ্তাহিক প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার হাজার হাজার মানুষের বিক্ষোভে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা নিহত হন। খবর রয়টার্সের।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসলামিস্ট হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে বিস্ফোরক ডিভাইস ও পাথর ছোড়া হলে সীমান্ত বেড়ার নিরাপত্তা রক্ষায় তারা তাজা গুলি ও বিমান হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, ওই বিক্ষোভে ৫০৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৮৯ জনই বন্দুকের গুলিতে আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবাই পুরুষ, এদের মধ্যে দুইজনের বয়স ১২ বছর ও ১৪ বছর।
গেল ৩০ মার্চ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সাপ্তাহিক বিক্ষোভ করে যাচ্ছে ফিলিস্তিনিরা। ওই বিক্ষোভ প্রতিবাদ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ১৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাস জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি বিপ্লবের ১৮তম বার্ষিকীও শুক্রবার পালন করা হয়েছে।
এদিকে গাজার একজন স্নাইপার একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এবং জ্বলন্ত ঘুড়ি ও হিলিয়াম বেলুন ব্যবহার করে ফিলিস্তিনিরা ইসরায়েলের বন ও কৃষিজমির ক্ষতি করেছে।
ইসরায়েলের অভিযোগ হামাস ইচ্ছাকৃতভাবে বিক্ষোভে সহিংসতাকে উসকে দিচ্ছে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন :
এ/এমকে




