
হালের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সুসময়ে রয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা খুব একটা ভালো না হলেও একের পর এক সিনেমায় অভিনয় করছেন এই নায়ক। তরুণ-তরুণীদের পছন্দের নায়ক বাপ্পি চৌধুরী বেশ কিছু ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এই মুহূর্তে ‘পাগলামি’ নামে একটি ছবির শুটিং করছেন তিনি। বাপ্পির বিপরীতে আছেন কলকাতার মডেল শ্রাবণী রায়।
এদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির বেশির ভাগ অংশের শুটিং শেষ করেছেন বাপ্পি। এখন শুধু গানের শুটিং বাকি রয়েছে। ছবিতে তার নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস। এই নায়কের ‘ডনগিরি’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। শাহ আলম মণ্ডল পরিচালিত ছবিতে বাপ্পির বিপরীতে আছেন এমিয়া এমি।
বাপ্পি অভিনীত ‘নায়ক’ ছবিটিও সেন্সরের গণ্ডি অতিক্রম করেছে। গতকাল রোববার বাপ্পি-অধরা খান জুটির ছবিটি আনকাট সেন্সর লাভ করে। যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহানের ছবিটি আগামী অক্টোবর মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে। এই যুগল নির্মাতার নতুন আরও একটি ছবি ‘ড্রিমগার্ল’-এ বাপ্পিকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এতে নায়িকা হিসেবে রয়েছেন অধরা খান।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পির। ছবির নায়িকা ছিলেন মাহিয়া মাহি। পরিচালনা করেছিলেন শাহীন সুমন। ক্যারিয়ার জুড়ে ভালোবাসার রঙ, জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না, আই ডোন্ট কেয়ার, সুলতানা বিবিয়ানা, ওয়ান ওয়ে-এক রাস্তা, সুইটহার্ট, আমি তোমার হতে চাই, পলকে পলকে তোমাকে চাই, গুন্ডা দ্য টেররিস্টসহ অসংখ্য ছবি উপহার দিয়েছেন তিনি।
আরও পড়ুন :
এম/পিআর




