
আর মাত্র কদিন পরেই বাংলা নববর্ষ। বাঙালির এই প্রাণের উৎসবকে সামনে রেখে সবখানেই চলছে উৎসবের প্রস্তুতি। সেই প্রস্তুতির তালিকায় রয়েছে দেশীয় অডিও প্রযোজনা সংস্থাগুলোও। পয়লা বৈশাখকে সামনে রেখে অডিও প্রযোজনা সংস্থাগুলো এখন প্রস্তুতি নিচ্ছে শেষ মুহূর্তের। প্রায় সব প্রযোজনা সংস্থাই বৈশাখকে সামনে রেখে প্রকাশ করবেন নতুন গান এবং তার মিউজিক ভিডিও। দেশের ঐতিহ্যবাহী অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক আসছে পয়লা বৈশাখকে সামনে রেখে মুক্ত করতে যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পীদের নতুন নতুন গান।
তাদের এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে সাউন্ডটেকের ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ বাবুল বলেন, সাউন্ডটেক সবসময়ই সারা বছর গান মুক্তি দেয়ার পাশাপাশি সকল বিশেষ দিন,উৎসবে বিশেষ আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। আমাদের এবারে আয়োজনে দেশের জনপ্রিয় শিল্পীদের বেশকিছু গান এবং সেগুলোর মিউজিক ভিডিও আমরা মুক্তি দেব। আশা করছি সাউন্ডটেকের এই আয়োজন শ্রোতা-দর্শকদের বৈশাখের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
সাউন্ডটেকের বৈশাখী আয়োজনে যে গানগুলো প্রকাশ হতে যাচ্ছে সেগুলো হলো- রাত জাগা দুটি চোখ কি আশায় জেগে রয় (শিল্পী : বেবী নাজনীন, কথা : আহমেদ রিজভী, সুর : নাজির মাহমুদ, সংগীত : মুশফিক লিটু), তোর কথা ভাবে মন (শিল্পী : কাজী শুভ ও স্বরলিপি, কথা : আহমেদ রিজভী, সুর : অভি আকাশ, সংগীত : মুশফিক লিটু), ঝুলবারান্দা (শিল্পী : এফ এ সুমন, কথা : নীহার আহমেদ, সুর : প্লাবন কোরেশী, সংগীত : পঙ্কজ), মাশা আল্লাহ (শিল্পী :কাজী শুভ, কথা : ইশতিয়াক রুপু, সুর ও সংগীত : আবিদ রনি), তোকে ছাড়া বাঁচা হলো দায় (শিল্পী : কনা, কথা : ইশতিয়াক রুপু, সুর ও সংগীত : আবিদ রনি), দুঃখ (শিল্পী : শামীম আশিক, কথা : জহুর কবীর, সুর ও সংগীত : শামীম আশিক), তোর চোখেতে (শিল্পী : বিন্দিয়া খান ও শাহাদাৎ, কথা : শাহরিয়ার শাওন), বান্ধবী ২ (শিল্পী : প্রিন্স হাবীব, কথা ও সুর : ইউনুস হাকিম, সংগীত : অমিত), নদী আর মানুষ (শিল্পী : জাহাঙ্গীর সাইদ, কথা ও সুর : কবির বকুল, সংগীত : রকেট মন্ডল, কলকাতা)।
জানা গেছে, দু'একদিনের মধ্যেই সাউন্ডটেক নতুন এই গানগুলো প্রকাশ করা শুরু হবে।
এম/পি




