
ঢাকাই চলচ্চিত্রের গ্লামারাস চিত্রনায়িকা আইরিন সুলতানা নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। তার এই নতুন ছবির নাম ‘পদ্মার প্রেম’। আইরিনের বিপরীতে আছেন সুদর্শন নায়ক সুমিত।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। আর প্রথম লটের শুটিং চলবে টানা ১৫দিন। ‘পদ্মার প্রেম’ ছবিটি পরিচালনা করবেন হারুন-উজ-জামান।
ছবিটির প্রথম লটের শুটিং হবে মানিকগঞ্জে। এ ব্যাপারে আইরিন আরটিভি অনলাইনকে বলেন, ছবিতে ষাটের দশকের চিত্র পর্দায় তুলে ধরা হবে। আর ছবিতে আমার চরিত্রটি হলো গ্রামের এক প্রভাবশালী পরিবারের মেয়ের।
--------------------------------------------------------
আরও পড়ুন: নাট্যশালায় শনিবার ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’
--------------------------------------------------------
তিনি আরও বলেন, মূল গল্পটি পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। এ ধরনের চরিত্র দর্শকরা প্রথমবার আমাকে দেখবেন। গল্পটি আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে।
‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় আইরিনের। তারপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘মায়াবিনী’সহ বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে তার।
এছাড়া আরও কয়েকটি ছবির কাজ শেষের পথে রয়েছে। আইরিন সুলতানা ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার অর্জনের পর শোবিজে যাত্রা শুরু করেন। তিনি দেশে-বিদেশে র্যাম্প শোতে অংশ নিয়ে প্রশংসিত হন।
আরও পড়ুন:
এম/পি




