
কথা ছিল নায়ক হয়েই ক্যারিয়ার শুরু করবেন মাহিম করিম খান। ঠিক সেই লক্ষেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমেই শোবিজে পথচলা শুরু করবেন এমন ঘোষণা দিয়েছিলেন।
তবে হঠাৎ গত বছর শেষ দিকে ভারতের টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন তিনি।
আবরার সিয়ামের গাওয়া ‘ইতনা দূর’ গানটিতে মাহিমের অভিনয় বেশ প্রশংসিত হয়। দুই যুগলের বিরহগাঁথার গল্প তুলে ধরা হয় ভিডিওতে।
গানটির শুটিং হয় ভারত ও বাংলাদেশের কক্সবাজারে। এবার একটি বাংলা গানের দিয়ে দেশীয় শোবিজে পা রাখছেন মাহিম।
রুম্মান চৌধুরীর সঙ্গীতায়োজনে ‘ধরো না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসিন এন রাকিব। মাহিমের সঙ্গে মডেল হয়েছেন মডেল-অভিনেত্রী আইরিন আফরোজ।
এ ব্যাপারে মাহিম আরটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম ভিডিওটি দর্শকরা গ্রহণ করেছিলেন। তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই নতুন গানের ভিডিওতে কাজ করলাম। নতুন ভিডিওতে একটি গল্প তুলে ধরা হয়েছে। এটাকে মিউজিক্যাল ফিল্ম বলতে পারেন। আগামী ৫ এপ্রিল গানটি অনলাইনে প্রকাশ পাবে’।
তিনি আরও বলেন, ‘মিউজিক ভিডিওতে আমার সঙ্গে কাজ করেছেন আইরিন আফরোজ। তার কাছে থেকেও ভালো সহযোগিতা পেয়েছি। আগের ভিডিওর মতো নতুন ভিডিওটি সবাই পছন্দ করবেন বলে আমার বিশ্বাস’।
এদিকে সব কিছু ঠিক থাকলে বলিউড ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবার সম্ভাবনা রয়েছে বলে জানান মাহিম।
এম/ এমকে




